বালুরঘাট শহরের ডানলপ মোড় এলাকায় বুধবার বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাশাপাশি থাকা দুটি কেকের দোকান। একইসঙ্গে আগুনের তীব্র তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও একটি সামগ্রীর দোকান। এদিন সাতসকালে এই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ভোরে পথচলতি মানুষ লক্ষ্য করেন বন্ধ থাকা দুটি কেকের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দুটি দোকানে পুরোপুরি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালুরঘাট দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার টানা চেষ্টায় দমকলকর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কেকের দোকান দুটির যাবতীয় সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের আঁচে পাশের একটি দোকানও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সেটিতে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম। অগ্নিকাণ্ডের ফলে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটির তার এবং কেবল পুড়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়।
বালুরঘাটে সাতসকালে বিধ্বংসী আগুন, ভস্মীভূত দুটি কেকের দোকান



Leave a Reply