banganews.net

ফুটপাত আগেই দখল হয়েছিল। এবার পার্কিং এলাকাও দখল করে দোকান বানিয়ে হকাররা বসে পড়ছে পসরা সাজিয়ে। আর তা দেখেই ক্ষুব্ধ হলেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। গত কয়েকদিন ধরে এই অভিযোগ উঠছিল আসানসোল বাজার এলাকার হটন রোড সংলগ্ন এলাকায় ফুটপাত দখল করে নিচ্ছেন হকাররা। ফলে সেখানে পার্কিং করার কোনও ব্যবস্থা নেই। রাস্তার উপরে গাড়ি পার্ক করতে হচ্ছে বাজারে আসা নিত্যযাত্রীদের। যার কারণ রাস্তা সংকুচিত হয়ে যানজট হচ্ছে। আর এমন ঘটনা জেনেই রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আচমকা বাজার এলাকায় পরিদর্শনে যান। সেখানে গিয়েই তিনি প্রত্যেকটি হকারদের জানিয়েছেন অবিলম্বে দোকান পার্কিং থেকে সরিয়ে ফেলতে হবে। পার্কিংয়ের জায়গায় কোনও হকার বসা যাবে না। এর পাশাপাশি, হটন রোড মোড়ে টোটো পার্কিং এবং যানজট নিয়েও তিনি দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক আধিকারিককে নির্দেশ দিয়ে যান। অগ্নিমিত্রা পাল ট্রাফিক আধিকারিককে বলেন, “দু’টি করে টোটো আসবে, যাত্রী তুলে তারা চলে যাবে। এখানে টোটোর স্ট্যান্ড করা যাবে না।” অন্যদিকে, আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে বাসগুলি বেরিয়ে রাস্তার উপরে পার্ক করে দাঁড়িয়ে থাকছে। তা নিয়েও ক্ষুব্ধ হন আসানসোল দক্ষিণের বিধায়ক । অবিলম্বে সেই বাসগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রত্যেকটি বাসের চাকায় লাগিয়ে দেওয়া হয় তালা চাবি। অগ্নিমিত্রা পাল বলেন, “ফুটপাথের প্রথম দিকটা আগেই দখল হয়ে গিয়েছে। এরপর পার্কিংয়ের জায়গা দখল করেও লোকে দোকান করতে শুরু করেছে। সেটা করতে দেওয়া যাবে না। বাজারে আসা মানুষজন পার্কিং করবে কোথায়? সেই কারণে অবিলম্বে দোকানগুলিকে সরাতে বলেছি। এছাড়া, টোটো ও মিনিবাস যেভাবে চলাচল করছে তা বন্ধ করতে বলেছি পুলিশ আধিকারিকদের। রাস্তার উপরে মিনিবাস পার্কিং করাও যাবে না। হটন রোড মোড়ে টোটো দাঁড়িয়ে থাকা যাবে না। টোটো এসে যাত্রী তুলে সেখান থেকে চলে যেতে হবে।”