বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে যে তাণ্ডব চলেছিল, তাতে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। সিপিআইএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার বিচার দাবিতে চলা বিক্ষোভ ও আন্দোলনে উসকানি ও ইন্ধন দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ৷ মঙ্গলে বারুইপুর মহকুমা আদালতে তাঁকে পেশ করা হবে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে লাহেক আলিকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার দেখানো হয়। তবে গ্রেফতারের পর তাঁকে বারুইপুর থানায় রাখা হয়নি। বরং, সেখান থেকে সরাসরি ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভবানী ভবনে নিয়ে যাওয়ার কারণ নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো না-হলেও, তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে।

