banganews.net

একইদিনে রাজ্যে জোড়া এনকাউন্টারের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। উত্তর ২৪ পরগনার গাইঘাটার রেশ কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘটে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ ও এনকাউন্টারের ঘটনা। সুজিত মণ্ডল নামের এক বিজেপি কর্মীর খুন মামলার মূল অভিযুক্ত সামাউন শেখ সিআইডির গুলিতে নিহত হয়েছেন। জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টার সময় এই পরিণতি হয়। সুজিত মণ্ডল খুনের মামলায় সামাউন শেখকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মঙ্গলবার সিআইডি তদন্তের অংশ হিসেবে তাঁকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে বের হয়েছিল। সামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা এলাকায় সুজিতকে যেখানে খুন করা হয়েছিল, অবিকল সেই স্থানেই সামাউনকে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, সিআইডি-কে তদন্তে বাধা দিয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিন রাউন্ড গুলিও চালান তিনি। পালটা গুলিতে গুরুতর জখম হন সামাউন। তাঁকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা জানান যে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, ‘‘খুনের ঘটনার তদন্ত করছিল রাজ্য সিআইডি। আজ (মঙ্গলবার) ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেই সময় গুলি চলার ঘটনা ঘটে। তারপর অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’’