ভিয়েতনামে নৌকাডুবিতে প্রাণ হারানো 15 ভারতীয়র দেহ ফিরল দেশে ৷ ভিয়েতনাম এয়ারলাইন্সের VN 979 বিমান সোমবার রাত 9টা 19 মিনিটে মুম্বই বিমানবন্দেরে এসে পৌঁছয় ৷ হোচিমিন সিটি থেকে রওনা দেওয়ার পর সোজাসুজি ভারতে এসে পৌঁছয় এই বিশেষ বিমান ৷ তাতে 15 জন ভারতীয়র দেহ রয়েছে ৷ এই 15 জনের মধ্যে 10 জন তামিলনাড়ুর বাসিন্দা ৷ তিনজনের বাড়ি অন্ধপ্রদেশে ৷ বাকি দুজন কেরলের বাসিন্দা ৷ আলাদা আলাদা বিমানে দেহগুলি কোয়েম্বাটুর, চেন্নাই, হায়দরাবাদ এবং তিরুঅনন্তপুরমে পাঠানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৷ গত শনিবার ভিয়েতনামের ফু কোকে দ্বীপের কাছে ভয়াবহ নৌকাডুবিতে মৃত্য়ু হয় 15 জন ভারতীয়র ৷ নৌকায় সব মিলিয়ে 32 জন ভারতীয় এবং চারজন কর্মী ছিলেন ৷ বাকি 17 জনের মধ্যে 16 জন ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন ৷ একজন এখনও ভিয়েতনামেই আছেন ৷ সেখানকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ সুস্থ হয়ে উঠলে তাঁকেও দেশে ফিরিয়ে আনা হবে ৷ যাঁরা দেশে ফিরে এসেছেন তাঁদের চিকিৎসা থেকে শুরু করে অন্য বিষয়ের দিকে নজর রাখছে ভারত সরকার ৷ পাশাপাশি কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিয়েও বিস্তারিত জানার চেষ্টা করেছেন প্রশাসনের আধিকারিকরা ৷
ঘটনায় শোক প্রকাশ করে ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেছিলেন, “ভিয়েতনামে নৌকাডুবিরখবর পেয়ে আমি মর্মাহত ৷ যাঁরা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি আমরা গভীর সমবেদনা রইল ৷” এই পোস্টেই প্রধানমন্ত্রী জানান, ভিয়েতনামের ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে ৷ যাবতীয় সাহায্য করছে ৷ সেই তখন থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছে ভারতীয় দূতাবাস ৷ প্রাথমিকভাবে তাদের তরফে আহত ও নিহতদের নামের তালিকা প্রকাশ করা হয় ৷ পাশাপাশি ভিয়েতনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রথমে আহতদের দেশে ফেরানোর কাজ করে দূতাবাস ৷ সেভাবেই নিহতদের দেহ ফিরিয়ে আনা হল এদিন ৷

