banganews.net

টানা দু’দিন নিখোঁজ থাকার পরে অবশেষে সন্ধান মিলল হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেনের। ১৫ বছরের এই কিশোরীর নিখোঁজ রহস্যের অবসান ঘটল শনিবার সকালে। ৪৮ ঘণ্টার রুদ্ধশ্বাস উৎকণ্ঠার পরে এ দিন হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে দময়ন্তী সেনকে। কিন্তু কেন বাড়ি ছেড়েছিল প্রতিভাবান এই শুটার? তার ইঙ্গিত দিলেন তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন। এ দিন সকালে এক প্রাতঃভ্রমণকারী খবর দেন দময়ন্তী হাওড়ার রামকৃষ্ণ ঘাটের জেটিতে রয়েছে। সেই খবর পেয়েই সেখানে ছুটে যান তাঁর বাবা। সেখানে গিয়ে তিনি দেখেন লঞ্চঘাটের টিকিট কাউন্টারের কাছে এক কোণে বসছে কাঁদছে তাঁর মেয়ে।

​দময়ন্তীকে দেখা মাত্রই আবেগ ধরে রাখতে পারেননি বাবা ধ্রুবজ্যোতি সেন। তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তিনি বলেন, ‘মা তুই কী চাস!’ বাবাকে সামনে পেয়ে তখন দময়ন্তীর চোখের জলও বাঁধ মানেনি। কাঁদতে কাঁদতেই সে বাবাকে বলে, ‘আমাকে বাড়ি নিয়ে চলো।’

দু’দিন ধরে চলা চরম মানসিক যন্ত্রণার পরে মেয়ে ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পরিবার। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন, ‘আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমি খুবই খুশি। আজ ভোরে একজন ব্যক্তি আমাকে ফোন করে জানান যে, তিনি রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে আমার মেয়েকে দেখেছেন। এর পরে আমি সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটের দিকে রওনা দিই এবং চারদিকে খুঁজতে থাকি। শেষ পর্যন্ত লঞ্চঘাটের টিকিট কাউন্টারের কাছে আমার মেয়েকে পাই। আমাকে দেখেই সে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ওকে নিয়ে বাড়ি ফিরে আসি। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।’