বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ আহমেদাবাদের রামোল এলাকায় ৷ শনিবার এর জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের ৷ পাশাপাশি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৫ জন। তাঁদের মধ্যে বেশ ক’য়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল শোকপ্রকাশ জানিয়েছেন ৷ পাশাপাশি, মৃত ও আহতদের আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে ৷ বাজির কারখানায় দুর্ঘটনায় প্রধানমন্ত্রী এদিন শোকপ্রকাশ জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। এই মুহূর্তে আমি শোকার্ত পরিবারগুলোর পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে ৷ মৃতদের পরিবার পিছু পিএমএনআরএফ (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।” পাশাপাশি, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানান, রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। আমেদাবাদের জোন 8-এর ডিসিপি, ময়ূর পাতিল বলেন, “রামোল এলাকার আরএএফ ক্যাম্পের পিছনে মেহমাদপুরায় ওই কারখানাটি খোলা জায়গায় চলছিল ৷ পাশাপাশি সেটা অবৈধ ৷ শনিবার দুপুরের দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তারপরই কারাখানাটিতে আগুন লেগে যায়। প্রথমে ২ জনের মৃত্যুর খবর সামনে আসে ৷ তারপর উদ্ধারকাজ চলাকালীন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। আহত ১৫ জন শ্রমিককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।” ঘটনায় রামোল পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ ক’য়েকজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছে মালিক মেদুল দোদিয়া-সহ আরও ৩ জন ৷ স্থানীয় পুলিশ এবং আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল বাহিনীও খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷ বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ঘটনাস্থলে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL)-র দল এবং অন্যান্য তদন্তকারী সংস্থা পৌঁছয়। পাশাপাশি, নিরাপত্তা বিধি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷
গুজরাতের আহমেদাবাদে অবৈধ বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯, আহত ১৫
Byবঙ্গনিউজ
Jul 18, 2026
banganews.net