banganews.net

গত কয়েকদিন ধরে তাঁর পদত্যাগের দাবি ঘিরে সরগরম দেশের রাজনীতি ৷ নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সরাসরি তাঁর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে বিরোধী শিবির ৷ সুর চড়িয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নাও দিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এবার পাল্টা রাহুল-সহ কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ মঙ্গলবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং কংগ্রেসের অন্য নেতারা সংসদের চলতি বাদল অধিবেশনকে ভেস্তে দিতে নির্লজ্জভাবে পড়ুয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ৷ ” রাহুলকে আক্রমণ করে মোদি মন্ত্রিসভার এই সদস্যের আরও দাবি, সরকার আলোচনার সমস্ত পথ খোলা রেখেছে ৷ তবু শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পডুয়াদের কথা না ভেবে একতরফাভাবে আন্দোলন চালানো হচ্ছে ৷ লক্ষ্য একটাই আলোচনার সুস্থ পরিবেশ নষ্ট করে দেওয়া ৷

এর আগে মঙ্গলবার পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্য়াগ চেয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান রাহুল গান্ধি থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধি এবং সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ তাঁদের আটক করে দিল্লি পুলিশ ৷

সেই অবস্থায় রাত 11টা 35 মিনিটে জারি করা এক ভিডিয়ো বার্তায় রাহুল দেশের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি পরীক্ষা পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন ৷ আরও একবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোরালো দাবি করেছন লোকসভার বিরোধী দলনেতা ৷ শুধু তাই নয়, শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ সোমবার সিজেপির সদস্য়-সহ অন্য পড়ুয়াদের সংসদ অভিযান রুখতে যে কড়া মনোভাব দেখিয়েছে, যেভাবে কাঁদানে গ্যাস ছুড়েছে এবং লাঠিচার্জ করেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি রাহুলের ৷

এই ভিডিয়ো বার্তার পরই এক্স হ্যান্ডেলে রাহুলদের তোপ দাগেন শিক্ষামন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো প্রসঙ্গে ধর্মেন্দ্র বলেন, “প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ দেখানোর অর্থ শুধু বহু মানুষকে বিপদে ফেলা নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত ব্যবস্থা নিয়েই প্রশ্ন তুলে দেওয়া ৷ কংগ্রেস আজ সেটাই করেছে ৷” পোস্টের অন্য একটি অংশে শিক্ষামন্ত্রী আরও লেখেন, “আমাদের পড়ুয়ারা অশান্তি নয় সমস্যার সুনিশ্চিত সমাধান পাওয়ার যোগ্য ৷ স্লোগান নয় তাঁদের প্রাপ্য দায়িত্ববোধ সম্পন্ন হয়ে নেওয়া সিদ্ধান্ত ৷ বিক্ষোভ-আন্দোলন নয় তাঁরা জবার চায়, সংস্কার চায়, দায়বদ্ধতা চায় ৷ “