যন্তর মন্তরে চলা পড়ুয়া বিক্ষোভের আঁচ এসে লেগেছে দিল্লি মেট্রো-তেও। যন্তর মন্তরে তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এর পরেই দিল্লির ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানানো হয়েছে। আজ শুক্রবার, সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ থাকবে সেন্ট্রাল দিল্লির ওই মেট্রো স্টেশনগুলি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশনগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওই স্টেশনগুলি বন্ধ রাখার কথা জানিয়েছে ডিএমআরসি। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ, সুক্রবার সকাল থেকে বন্ধ থাকবে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্ভ রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ, শিবাজি স্টেডিয়াম এবং ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশনগুলি। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং কেন্দ্রীয় সচিবালয় থেকে ইন্টারচেঞ্জ সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছে ডিএমআরসি।

প্রসঙ্গত, যন্তর মন্তরে চলা ককরোচ জনতা পার্টির বিক্ষোভের জেরে এই নিয়ে টানা তিন দিন বন্ধ থাকছে সেন্ট্রাল দিল্লির মেট্রো স্টেশনগুলি। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার কারণে বুধবার ও বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে ওই একই স্টেশনগুলো বন্ধ ছিল। এর ফলে মধ্য দিল্লিতে অফিসগামী নিত্যযাত্রী, পড়ুয়া ও অন্যান্য যাত্রীরা ভোগান্তির শিকার হন।