banganews.net

ত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে কয়েক কোটি টাকায় নির্মিত সেতুর সংযোগকারী রাস্তায় ধস ৷ প্রবল বৃষ্টিতেই ধস নেমে বিরাট গর্ত তৈরি হয়েছে। টন্স নদীর উপর ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সংযোগকারী রাস্তাটি প্রেমনগর-নন্দা কি চৌকির কাছে জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত ৷ মাত্র দুই সপ্তাহ আগেই এই রাস্তাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টি সহ্য করতে পারল না ৷ এক প্রান্ত ধসে সেখানে বিশাল ও বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার যাত্রীরা এই গর্ত দেখে হতবাক। পুলিশ সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের বিকল্প পথ ব্যবহার করতে হয়। পুলিশ জনসাধারণকে এই অংশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনগণ এই প্রকল্পের সঙ্গে জড়িত ঠিকাদার এবং পূর্ত বিভাগের (PWD) আধিকারিকদের বিরুদ্ধে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে ৷

অন্যদিকে, সেতুর একাংশের ক্ষতি হওয়ার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে নেমেছে কংগ্রেস। দলের নেতা সংগ্রাম সিং পুন্দির প্রকল্পে গুরুতর গাফিলতি হয়েছে বলে অভিযোগ করেছেন ৷ সরকারের কাছে জবাবদিহিও দাবি করেছেন তিনি। পুন্দির প্রশ্ন তোলেন, “কীভাবে একটি নবনির্মিত সংযোগকারী রাস্তার কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই এমন ক্ষতির মুখে পড়ল ? এই সংযোগকারী রাস্তাটি সবেমাত্র তৈরি করা হয়েছিল, অথচ মাত্র 16 দিনের মধ্যেই এটি ধসে পড়ল ! প্রশাসনের বড় ব্যর্থতা।” তিনি যোগ করেন, “জেলাশাসক বিষয়টিকে রাস্তার একটি ছোট অংশের ধস বলে উড়িয়ে দিলেও বাস্তব হলো, এখানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। অতীতে যখনই এমন ঘটনা ঘটত, সংশ্লিষ্ট মন্ত্রী নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করতেন ৷ কিন্তু আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না।” প্রকল্পটির নির্মাণকাজ নিয়ে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস ৷