আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন দুই দমকল কর্মী ৷ দেওয়াল ও লোহার বিম ধসেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন ৷ মঙ্গলবার প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, গ্রেটার নয়ডার ইকোটেক-3 থানা এলাকার অন্তর্গত ইলেকট্রনিক্স প্রস্তুতকারক সংস্থা আইএলজিআইএম (ILGIM) কোম্পানিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । তাঁরা জানান, ইলেকট্রনিক চিপ প্রস্তুতকারী ওই কারখানায় ভোররাতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন । ঘণ্টখানেক প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন । তবে, কাজ চলাকালীন কারখানার একটি পাশের দেওয়াল ও লোহার বিম হঠাৎ ধসে পড়ে ৷ তার জেরে দমকল বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাথমিকভাবে আটকে পড়েন, আহত হন । পরে জানা যায় দুর্ঘটনায় পাঁচজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের অবিলম্বে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসাধীন অবস্থায় ফায়ারম্যান রোহিত যাদব এবং চিফ কনস্টেবল ড্রাইভার তীর্থপাল সিংয়ের মৃত্যু হয় বলে আধিকারিকরা জানিয়েছেন । চিফ কনস্টেবল ড্রাইভার রাজপাল সিং, ফায়ারম্যান মণীশ কুমার এবং ফায়ারম্যান অমিত কুমারের চিকিৎসা চলছে ৷ তাঁদের প্রাণ সংশয় না থাকলেও বিস্তারিত চিকিৎসার প্রয়োজন বলে জানা গিয়েছে ৷ আহতদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।
নিরাপত্তা ও উদ্ধারকাজে সহায়তার জন্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । কর্তৃপক্ষ এলাকাটি সুরক্ষিত করেছে ৷ কারখানার কাঠামো থেকে শুরু করে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷ কারখানার কোনও অংশ নতুন করে ভেঙে পড়তে পারে কি না সেটা পরূীক্ষা করে দেখা হচ্ছে ৷ কোনও অংশ দুর্বল থাকলে সেটি আগে থেকে ভেঙে ফেলা হতে পারে বলে খবর ৷
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও, কীভাবে আগুনের সূত্রপাত হল তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে । আগুন নেভানোর কাজ চলাকালীন দেওয়াল ও লোহার বিম ধসে পড়ার কারণও আলাদা করে খতিয়ে দেখা হবে বলে এক আধিকারিক জানিয়েছেন । এই বিষয়ে সিএফও (CFO) প্রদীপ কুমার চৌবে বলেন, “পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক এবং এসডিআরএফ (SDRF)-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । ধ্বংসস্তূপ পরীক্ষা করা হচ্ছে এবং আগুন লাগার কারণ নির্ণয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ।”

