টাটা সন্সের চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন এন চন্দ্রশেখরন ৷ বুধবার তিনি এ কথা ঘোষণা করেছেন ৷ আগামী বছর অর্থাৎ, ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি টাটা সন্সের চেয়ারম্যান পদে তাঁর মেয়াদ শেষ হচ্ছে ৷ মেয়াদ শেষের পরে ওই পদে তিনি নিজের পুনর্নিয়োগ চাইবেন না-বলে জানিয়েছেন ৷ আর তার সঙ্গেই টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানির নেতৃত্ব নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল ৷ চন্দ্রশেখরন জানান যে, টাটা সন্সের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার ‘স্যার দোরাবজি টাটা ট্রাস্ট’ ও ‘স্যার রতন টাটা ট্রাস্ট’ সর্বসম্মতিক্রমে তাঁর মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সুপারিশ করেছিল ৷ এমনকি পরবর্তী সময়ে টাটা সন্সের ‘নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি’ এবং পরিচালনা পর্ষদ এই প্রস্তাবটি নথিবদ্ধ ও সুপারিশ করে ৷ চন্দ্রশেখরন জানান, গত ২৪ ফেব্রুয়ারি টাটা সন্সের বোর্ড মিটিংয়ে প্রস্তাবটি উত্থাপন করা হয় ৷ সেখানে সকল বোর্ড মেম্বার সেই প্রস্তাব সমর্থন করলও, একজন সদস্য বিরোধিতা করেন বলে, তা গৃহীত হয়নি ৷ এক বিবৃতিতে টাটা সন্সের বর্তমান চেয়ারম্যান বলেন, “সর্বসম্মত সমর্থনের অভাবে আমি সিদ্ধান্তটি স্থগিত রাখার পথ বেছে নিয়েছি ৷” চন্দ্রশেখরন জানান, ওই বোর্ড মিটিংয়ের পর গত ছয় মাসেও তার কোনও সুরাহা হয়নি ৷ তিনি আরও বলেন, “নেতৃত্বের বিষয়ে স্পষ্টতা থাকা জরুরি, কারণ টাটা সন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা বেশ কিছু স্ট্র্যাটেজিক প্রজেক্টের উপর কাজ করছে ৷” এন চন্দ্রশেখরন বলেন, “এই পরিস্থিতিতে, আজ আমি টাটা সন্স বোর্ডকে জানিয়েছি যে, 2027 সালের 20 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর, আমি আর পুনর্নিয়োগের জন্য নিজের নাম প্রস্তাব না-করার সিদ্ধান্ত নিয়েছি ৷” এমনকি দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি বোর্ডকে তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন ৷ চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে কেন্দ্র করে টাটা সন্স ও টাটা ট্রাস্টের মধ্যে মতপার্থক্যের খবর প্রকাশ হতেই পুনরায় সংস্থার চেয়ারম্যান হওয়া দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন ৷ টাটা গ্রুপের প্রধান হোল্ডিং কোম্পানি ‘টাটা সন্স’-এর মালিকানার সিংহভাগই ‘টাটা ট্রাস্টস’-এর হাতে রয়েছে ৷ যারা টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা মোটরস ও এয়ার ইন্ডিয়া-সহ গ্রুপের ৩০টিরও বেশি কোম্পানিকে নিয়ন্ত্রণ করে ৷ চন্দ্রশেখরন ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ তিনি ১৯৮৭ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এ ইন্টার্ন হিসেবে যোগ দেন এবং টাটা সন্সের দায়িত্ব গ্রহণের আগে ২০০৯ সালে কোম্পানির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিইও) হন ৷ খবর অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে টাটা সন্স চন্দ্রশেখরনের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে দু’টি শর্ত দিয়েছিল ৷ এর মধ্যে অন্যতম ছিল, হোল্ডিং কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত না-থাকার বিষয়টি বজায় থাকবে এবং শাপুরজি পালোনজি (এসপি) গ্রুপের মালিকানাধীন শেয়ারের বিষয় নিয়ে একটি সমাধান সূত্র বের করতে হবে ৷”