প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠান থেকে দেশের যুবসমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিল আর সোশাল মিডিয়ার যুগেও একথা মনে রাখতেই হবে, যুবদের উচিত আরও বেশি করে আত্মজীবনী পড়া । বুধবার দিল্লির বিজ্ঞানভবনে প্রকাশিত হল কোবিন্দের আত্মজীবনী ‘Triumph of the Indian Republic: My Life, My Struggles’ । অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বলেন, নিজের সংকল্পে দৃঢ় হলে সমস্ত বাধা অতিক্রম করে একজন মানুষ কীভাবে শীর্ষ পদে পৌঁছতে পারেন তার উদাহরণ কোবিন্দ । রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পরও যেভাবে তিনি ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে কাজ করেছেন তারও প্রশংসা করেছেন মোদি। তাঁর ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করেছে উল্লেখ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদেরও উচিত দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে সচেষ্ট হওয়া ।” এই অনুষ্ঠান থেকে তরুণদের আরও বেশি করে আত্মজীবনী পড়ার বার্তাও দিয়েছেন মোদি । বিভিন্ন মানুষ নিজেদের জীবনে বহুবার প্রতিবন্ধকতা সহ্য় করেছেন এবং তার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন । এর থেকে অনুপ্রিণত হওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী । তাঁকে বলতে শোনা যায়, “আগামিদিনে আমাদের এমন তরুণ-তরুণী প্রয়োজন যারা পরবর্তী সময়ে একেকজন কোবিন্দ হয়ে উঠবেন। প্রতিবন্ধকতার কাছে হার মানবেন না । চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন তাকে পরাজিত করে এগিয়ে যাবেন । খুব কম বয়সে এক অগ্নিকাণ্ডে মা-কে হারান প্রাক্তন রাষ্ট্রপতি । এই ঘটনা তাঁর জীবনকে তছনছ করতে পারত । কিন্তু তিনি হতাশ হয়ে যাননি । জীবন সংগ্রামে আরও প্রবল হয়ে ফিরে এসেছেন ।” নিটের প্রশ্নপত্র ফাঁস ঘিরে শুরু হওয়া আন্দোলনে নেতৃত্ব দিয়ছিল জেন জি-রা । তাদের চাপের কাছে মাথা নত করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই তখন থেকে দেশের তরুণ-তরুণীদের কাছে টানার একাধিক চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদি । নিজে একাধিক রিল পোস্ট করে তরুণদের পাশে থাকার বার্তা দিয়েছেন । নিজের মন্ত্রিসভার বাকি সদস্যদেরও রিল পোস্ট করতে বলেছেন তিনি । এবার প্রাক্তন রাষ্ট্রপতির আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠান থেকেও সেই জেন জি-কেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি ।