banganews.net

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে, তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তিনি একটি পোস্ট করেন ৷ যেখানে বাজপেয়ীকে ‘দূরদৃষ্টিসম্পন্ন এক অনন্য রাষ্ট্রনায়ক’ হিসাবে উল্লেখ করেছেন মোদি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ 2018 সালের 16 অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ৷ এ দিন নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় লেখেন, “অটল জি-র প্রয়াণ দিবসে তাঁকে স্মরণে শ্রদ্ধা জানাই ৷ অসাধারণ দূরদৃষ্টিসম্পন্ন এক অনন্য রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন ৷ তাঁর বক্তব্য ও প্রচেষ্টা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং তাঁর নেতৃত্ব আমাদের জাতিকে শক্তিশালী করে তুলেছে ৷ সুশাসন ও জনকল্যাণকে তাঁর গুরুত্ব আরোপ করা সর্বদা আমাদের পথপ্রদর্শন করে যাবে ৷” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি সৌধ ‘সদায়েভ অটলে’ ফুল দিয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেখানে উপস্থিত ছিলেন ৷ এ দিন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ‘সদায়েভ অটলে’ শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশাল মিডিয়ায় অটল বিহারী বাজপেয়ীকে দেশভক্ত একজন রাজনৈতিক ব্যক্তিক্ত হিসাবে উল্লেখ করেন ৷ তিনি লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিজেপির প্রতিষ্ঠাতা, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে আমি তাঁকে শ্রদ্ধা জানাই ৷ অটলজি এমন এক দেশপ্রেমিক ও রাজনীতিবিদ ছিলেন, যিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দেশের সেবায় উৎসর্গ করেছিলেন ৷ একদিকে যেমন পারমাণবিক পরীক্ষা ও কার্গিল যুদ্ধের মাধ্যমে তিনি সমগ্র বিশ্বকে ভারতের শক্তির বিষয়ে সচেতন করেছিলেন, অন্যদিকে তাঁর মূল্যবোধ-ভিত্তিক রাজনীতি প্রথমবারের মতো অন্ত্যোদয় ও সুশাসনের ধারণাকে বাস্তবে রূপ দিয়েছিল ৷”