তিন দিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে বিশেষ বিমানে শিলিগুড়ি পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ির সংলগ্ন সুকনার একটি হোটেলে রাত্রিযাপন করার পর আজ সকালে শিলিগুড়ির সশস্ত্র সীমা বল (SSB)-এর শিবিরে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সেখানে দেশের কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেন্স নেক’ করিডর ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দুটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএসএফ (BSF)-এর শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকার জোর সম্ভাবনা রয়েছে। এসএসবি শিবিরের বৈঠক সেরে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে তিনি ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ওপর আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর ও একাধিক নিরাপত্তামূলক বৈঠককে কেন্দ্র করে বর্তমানে শহরজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা জোড়দার করা হয়েছে। শনিবারও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে তাঁর। আগামীকালই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

