19 বছর বয়সি তরুণকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ৷ কারখানায় ভেতর থেকে উদ্ধার হয়েছে তাঁর রক্তাক্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ থানার অন্তর্গত চৌহান বাঙ্গার এলাকায় ৷ মৃত তরুণের নাম সাহিল । পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে । পুলিশ জানিয়েছে, চৌহান বাঙ্গারের 17/4 নম্বর গলির একটি ভবনের চতুর্থ তলায় একটি কারখানা রয়েছে । পুলিশ খবর পায় যে, সেখানে এক তরুণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । এই খবর পেয়ে জাফরবাদ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত তরুণকে চিকিৎসার জন্য জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে নিয়ে যায় ৷ তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । উত্তর-পূর্ব জেলার ডিসিপি রাহুল আলওয়াল বলেন, “গত 6 সেপ্টেম্বর রাতে 19 বছর বয়সি সাহিলকে তার এক সহকর্মী যুবক ছুরি দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে । এই ঘটনার প্রেক্ষিতে জাফরাবাদ থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর 103(1) ধারায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তের সন্ধানে পুলিশের একাধিক দল কাজ করছে ।

