banganews.net

রাজ্যে বেআইনি টোটো, রিক্সা বন্ধ করতে প্রশাসনকে শুধু খাতায়-কলমে নির্দেশ দিলেই হবে না ৷ সেই নির্দেশগুলি এবার বাস্তবায়িত করতে হবে বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট ৷ নবদ্বীপের মায়াপুর ইস্কনের মন্দির এলাকায় বেআইনি টোটো, রিক্সা বন্ধ করতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলার শুনানিতে মঙ্গলবার আদালতের পর্যবেক্ষণ, সারা রাজ্যে একই পরিস্থিতি ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, মায়াপুর ইস্কনের স্থানীয় প্রশাসনকে রাজ্যের পরিবহণ দফতরের জারি করা বিজ্ঞপ্তি কার্যকর করতে হবে ৷ নদিয়া জেলার পুলিশ সুপার, স্থানীয় থানার ওসি ও পঞ্চায়েতকে শুধু খাতায়-কলমে না-দেখিয়ে বেআইনি রিক্সা-টোটো বন্ধ করে দেখাতে হবে ৷ এই বিষয়ে কী কী পদক্ষেপ করা হল, তা আগামী 17 নভেম্বর কলকাতা হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট দাখিল করতে হবে ৷ মায়াপুরে টোটো, বেআইনি রিক্সার চলাচল বন্ধ করতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মামলাকারীর আর্জি ছিল, ইস্কন মন্দির ধুবুলিয়া মায়াপুর রোডে অবস্থিত ৷ এই রাস্তাতে বেআইনি টোটো ও রিক্সার দৌরাত্ম্যে সাধারণ মানুষ চলাচল করতে পারে না ৷ অটো-টোটোর কারণে রাস্তায় যানজট তৈরি হয় এবং অ্যাম্বুল্যান্স-সহ অন্যান্য জরুরি পরিষেবা সমস্যার মুখে পড়ে ৷ কলকাতা হাইকোর্ট এর আগে নির্দেশ দিলেও তা বাস্তবায়িত করতে পারেনি স্থানীয় প্রশাসন ৷ রাজ্যের আইনজীবী জানান হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে, গত 7 অগস্ট মুখ্যসচিব বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, লাইসেন্স বিহীন রিক্সা, টোটো চালানো যাবে না ৷ পাশাপাশি জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় রিক্সা চালানো যাবে না ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বলে, “শুধু বিজ্ঞপ্তি জারি করে হবে না ৷ বেআইনি টোটো ও ই-রিক্সা বন্ধ হয়নি তো ! সরকারি তথ্য অনুয়ায়ী নদিয়া জেলায় 10 হাজার 800টিরও বেশি টোটো চলে ৷ তার মধ্যে মাত্র 4 হাজার 500 জনের লাইসেন্স রয়েছে ৷ সারা রাজ্যে একই অবস্থা ৷ কী কার্যকরি পদক্ষেপ করা হচ্ছে, তা দেখতে চায় আদালত ৷” এদিন বেঞ্চ নির্দেশ দিয়েছে, মায়াপুর বামনপুকুর পঞ্চায়েত, “পরিবহণ দফতরের নদিয়া জেলা শাখা, নদিয়া জেলার এসপি, স্থানীয় থানার ওসিকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ করতে হবে ৷ তার জন্য প্রথমে কারা নথিভুক্ত এবং কারা নথিভুক্ত নয়, তা চিহ্নিত করুন ৷ মুখ্যসচিব কিছু করতে পারবেন না ৷ শুধু পেপার ওয়ার্ক করলে হবে না ৷” পাশাপাশি পুরো জেলায় 7 অগস্টের বিজ্ঞপ্তি কার্যকর করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, বিস্তারিত রিপোর্ট জানাতে হবে ৷ আগামী 17 নভেম্বর ফের এই মামলার শুনানি ৷