banganews.net

বাংলায় শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গৌতম আদানির ‘সৌজন্য’ বৈঠক। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বৈঠকে পশ্চিমবঙ্গে শিল্প, নতুন বিনিয়োগ, পরিকাঠামো এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে। বৃহস্পতিবারই নিউটাউনে ২ হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে; প্রকল্পে ৪ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের কথা জানিয়েছে আদানি গোষ্ঠী। একই মঞ্চ থেকে ২০৩৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন গৌতম আদানি। বন্দর, সড়ক, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং বৃহৎ ডেটা সেন্টার-সহ একাধিক ক্ষেত্রে এই বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সেই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে ঘিরে রাজ্যে আদানি গোষ্ঠীর আগামী দিনের বিনিয়োগ পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। মুখ্যমন্ত্রীর দফতরের বক্তব্য, বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলায় শিল্পের প্রসার, পরিকাঠামোর উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা। নিউটাউনে ২,০০০ বেডের হাসপাতাল তৈরির প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন বিনিয়োগের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রস্তাবিত হাসপাতালে মোট ২,০০০টি বেড থাকবে। তার মধ্যে ১,০০০টি বেড দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। এই বেডগুলিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বাকি ১,০০০টি বেড বাণিজ্যিক পরিষেবার আওতায় থাকবে। ৫২ একর জমির উপরে হাসপাতাল, ২৫০০ কোটির বিনিয়োগ, আমেরিকার মেয়ো ক্লিনিকের সঙ্গে যুক্ত হয়ে প্রকল্পের কথাও বলা হয় এদিন৷