হিন্দি সিনেমায় স্মরণীয় পার্শ্ব ও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা মুশতাক খান প্রয়াত। বয়স হয়েছিল ৫৬ বছর। ২৪ সেপ্টেম্বর মুম্বইয়ের একটি হাসপাতালে মারা গিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে আক্রান্ত ছিলেন মুস্তাক খান। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সংবাদমাধ্যমকে মুস্তাকের বিজ়নেস পার্টনার শিবম জানিয়েছেন, পাঁচ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসাও হয়েছিল। সম্প্রতি ফের মাথাচাড়া দিয়েছিল সেই রোগ, তার জেরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সূত্রের খবর, আগামিকাল মুস্তাক খানের শেষকৃত্য সম্পন্ন হবে। ‘মেরা এক টাং নকলি হ্যায়…’… ২০০৭ সালে রিলিজ় হওয়া তারকাখচিত Welcome সিনেমায় মু্স্তাক খান অভিনীত বালু চরিত্রটির মুখে ছিল এই সংলাপ। অনিল কাপুর, নানা পটেকর-সহ একঝাঁক তারকা ছিলেন সেই সিনেমায়। তারই মাঝে মুস্তাক খান অভিনীত চরিত্রের ওই সংলাপ ‘কাল্ট’ হয়ে যায়। তবে শুধু ওইটুকু পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না মুস্তাক খানের মতো শক্তিশালী অভিনেতাকে। আটের দশক থেকে একের পর এক সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুঁসসা কিউ আতা হ্যায়’ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয়েছিল মুস্তাক খানের। তার পরে কয়েক দশকের অভিনয়ের কেরিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘জোড়ি নং ১’-সহ একাধিক হিট সিনেমা।
মধ্যপ্রদেশের বালাঘাটে জন্ম মুস্তাক খানের। সেখান থেকে উঠে এসেছেন অভিনয়ের জগতে, প্রতিষ্ঠা করেছেন নিজেকে। ২০২৪ সালের নভেম্বরে অন্য একটি কারণে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। একটি অনুষ্ঠানে নিয়ে যাওয়ার নাম করে অপহরণ করা হয়েছিল তাঁকে। দিল্লি থেকে বিজনৌরে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ২.২ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে মুক্ত হয়েছিলেন তিনি।

