banganews.net

রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুরগামী ডাউন লাইনে ঘটে গেল বড়সড় বিপত্তি ৷ খড়গপুর ডিভিশনের বেনাপুরের দিকে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায় ৷ যার জেরে খড়গপুরগামী লাইনে পরিষেবা ব্যাহত হয়েছে ৷ নারায়ণগড় স্টেশন ছেড়ে বেরনোর পরেই সাড়ে তিনটে নাগাদ মালগাড়ির একাধিক ওয়াগেন লাইন থেকে ছিটকে যায় ৷ দু’টি ওয়াগেন দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে খবর ৷ এই ঘটনায় খড়গপুর রেল ডিভিশনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির বগিগুলিকে সরানোর কাজ চলছে ৷ একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ফলে রেল লাইনে কোনও ক্ষতি হয়েছে কি না, সেটাও পরীক্ষা করে দেখা হবে ৷ রেলের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরেই ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হবে ৷ তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে বিভাগীয় তদন্ত শুরু করেছে খড়গপুর রেল ডিভিশন ৷ এদিন নারায়ণগড় স্টেশন থেকে মালগাড়িটি ছেড়ে বেনাপুরের দিকে যাওয়ার জন্য এগোচ্ছিল ৷ সেই সময়েই আচমকা বিপত্তি ঘটে ৷ অভিযোগ, মালগাড়ির ইঞ্জিন থেকে বেশ কয়েকটি বগি ছেড়ে কাপলিং আচমকা খুলে যায় ৷ এরপরই মাঝখানের দু’টি বগি তীব্র ঝাঁকুনি দিয়ে লাইন থেকে ছিটকে পড়ে যায় ৷ দুর্ঘটনার আঁচ পেতেই তৎক্ষণাৎ তৎপর হয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন মালগাড়ির চালক ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে বিকট শব্দ শুনে তাঁরা ঘর ছেড়ে রেললাইনের দিকে ছুটে আসেন ৷ দেখতে পান মালগাড়ির বগিগুলি লাইনচ্যুত হয়ে বিপজ্জনকভাবে পড়ে রয়েছে ৷ প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার অভিঘাত এতটাই জোরালো ছিল যে ট্রেনের বেশ কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ একই সঙ্গে উপড়ে ও বেঁকে গিয়েছে রেললাইন ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ওভারহেড বৈদ্যুতিক তারও ৷ দুর্ঘটনার পর খড়গপুর ডিভিশন থেকে ঘটনাস্থলে পৌঁছান রেলের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের বিশেষ উদ্ধারকারী দল ৷ তবে, ঠিক কী কারণে ট্রেনের কাপলিং খুলে গেল এবং বগিগুলি বেলাইন হল, তা নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু জানায়নি রেল ৷ যান্ত্রিক ত্রুটি নাকি লাইনে কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷