বঙ্গ সফরের দ্বিতীয় দিনে সোমবার গঙ্গাসাগরে ডুব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন । গঙ্গা ও সাগরের মিলনস্থলে এসে পুণ্যস্নান সারলেন তিনি । এরপর গঙ্গা বন্দনা করে পৌঁছে যান কপিলমুনির আশ্রমে । সেখানে একঝাঁক দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিয়ম মেনে পুজোও দেন । বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনশল, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং জেলা নেতাদের সঙ্গে নিয়ে নবীন সঙ্গমস্থলে স্নান করেন এবং কপিল মুনি আশ্রমে পুজো দেন । উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা-সহ জয়নগর এবং মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতিরা । স্থানীয় নেতৃত্ব ও দলীয় কর্মীদের উপস্থিতিতে গঙ্গাসাগরে তৈরি হয় রাজনৈতিক আবহ । গঙ্গাসাগরে পৌঁছেই প্রথমে স্নানঘাট পরিদর্শন করেন নিতিন। সেখানকার পরিস্থিতি এবং পুণ্যার্থীদের ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি । এরপর তাঁর পুণ্যস্নান ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় । গঙ্গাসাগর থেকে নিতিন যাবেন পানিহাটিতে । সেখানে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা । রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে । পানিহাটির কর্মসূচি শেষ করে কলকাতাতেও যাওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির । কলকাতায় যুবদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । সেখানে দলীয় কর্মসূচি নিয়ে তরুণ প্রজন্মের সামনে তাঁর বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে । সবশেষে কলকাতা থেকেই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা নিতিনের। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটিই নিতিনের প্রথম পশ্চিমবঙ্গ সফর । দলের রাজ্য শাখার সাংগঠনিক ক্ষেত্রে বড় ধরনের রদবদল-যার মধ্যে মহিলা মোর্চা ও যুব মোর্চার নেতৃত্ব এবং সাতটি সাংগঠনিক জেলার নেতৃত্বে পরিবর্তনের পরই তাঁর এই সফর ঘিরে যথেষ্ট চর্চা শুরু হয়েছে ৷
গঙ্গাসাগরে নিতিনের পুণ্যস্নান এবং কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে । গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে দক্ষিণ 24 পরগনার বিজেপি সংগঠনের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উৎসাহ । বিশেষ করে জয়নগর ও মথুরাপুর সাংগঠনিক জেলার নেতৃত্বের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দলীয় মহল ।

