banganews.net

 বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বেকার যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের গুরুতর অভিযোগ উঠল ঝাড়গ্রামের এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । এই ঘটনায় অভিযুক্ত অজিত মাহাতো নামক ওই নেতাকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হচ্ছে।  জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সি সজল দাস (পিতা লক্ষ্মীকান্ত দাস) এই মর্মে ঝাড়গ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, অভিযুক্ত অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সুসম্পর্কের কথা বলে সজলকে বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে বিভিন্ন সময়ে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অভিযুক্তের হাতে তুলে দেন ওই যুবক। সজল দাসের করা লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২৯ অক্টোবর ঝাড়গ্রাম থানায় ৪৭৪/২০২৬ নম্বরে একটি মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩১৮(২), ৩১৮(৪), ৩০৮(৫), ৩৫১(৩), ১১১(৩) এবং ৬১(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অজিত মাহাতোকে তাঁর নিজস্ব বাড়ি থেকেই গ্রেপ্তার করে।

আজ শুক্রবার, ৩০ অক্টোবর ধৃতকে আদালতে তুলে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, ঠিক কতজন যুবকের কাছ থেকে এভাবে টাকা তোলা হয়েছে এবং আত্মসাৎ করা সেই বিপুল পরিমাণ অর্থ কোথায় পাচার করা হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।