সাইকেল চালাতেই অভ্যস্ত সে।  কিন্তু বান্ধবীর নতুন স্কুটি দেখে চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল নবম শ্রেণির। গুরুতর আহত তার বান্ধবীও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়ায়। মৃতের নাম ববি দে। বাড়ি, হাবড়ার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের যশুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অপটু হাতে চালাতে গিয়ে স্কুটির আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি ববি। রাস্তার পাশে একটি পাঁচিলে সজোরে ধাক্কা মারে সে। ছিটকে রাস্তায় পড়ে দুই বান্ধবী। দুর্ঘটনার পর দু’জনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।  ববিকে কলকাতার আরজিকর হাসপাতালে, আর অঙ্কিতাকে বারাসত হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।   কিন্তু ববি-কে নিয়ে যখন আরজিকর হাসপাতালে পৌঁছন পরিবারের লোকেরা, ততক্ষণে সবশেষ।   ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে ভর্তি অঙ্কিতা। তার শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা দিয়েছে।  ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছেন মৃতার পরিবারের লোকেরা।