পশ্চিম মেদিনীপুরঃ কলকাতা থেকে চন্দ্রকোণায় পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ২জনের । তাঁদের মধ্যে একজন একটি বেসরকারি কলেজের অধ্যাপক। এখনও নিখোঁজ আরেকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার জাড়ায়। পুলিস সূত্রে খবর, শনিবার আটজন বন্ধুর একটি দল সেখানে পিকনিকে গিয়েছিল। দুপুর নাগাদ অধ্যাপক সায়ন্তিক রায়, বেসরকারি কোম্পানির কর্মী অর্ক রায় এবং মাস কমিউনিকেশনস্–এর ছাত্র শুভজিৎ মঙ্গল শিলাবতী নদী সংযোগকারী কেঠিয়া খালে স্নান করতে নেমেছিলেন। তারপরই তলিয়ে যান তিনজনই। তাঁদের বন্ধুদের কাছে ঘটনা প্রথমে স্থানীয় বাসিন্দারাই খোঁজাখুঁজি করেন। পরে খবর পেয়ে পুলিস এবং উদ্ধারকারী দল পৌঁছয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও কোনও দেহ মেলেনি। রাতে তল্লাশিকার্য স্থগিত রাখা হয়েছিল। রবিবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দল, অসামরিক প্রতিরক্ষা বাহিনীর দল নৌকা নামিয়ে তল্লাশি শুরু করলে পর উদ্ধার হয় সায়ন্তিক এবং অর্কর মৃতদেহ। এখনও নিখোঁজ শুভজিতের জন্য তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। তাঁদের সহায়তা করছেন স্থানীয়রাও। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান যুবকরা মদ্যপ ছিলেন। এবিষয়ে বিশদে জানতে মৃতদের বন্ধুদের জেরা করা হচ্ছে।
