“পার্কসার্কাসে যে বাচ্চারা আন্দোলনে আছে, ওরা বিদেশি বাচ্চা। ওখানে সব বাংলাদেশি মুসলমান। ওদের ভারত ছাড়তেই হবে। আজাদি স্লোগান এখানে চলবে না।”- রাহুল সিনহা

প্রজাতন্ত্র দিবসের আবহেই নাগরিকত্ব সংশোধিত আইন এবং জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে উত্তাল দেশ। কলকাতার পার্কসার্কাসেও মুসলিম মহিলারা বাইরে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড শীতের মধ্যে মহিলা, শিশু, যুবারা নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় জোরদার প্রতিবাদ চালাচ্ছেন। এই আন্দোলন  নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল বিজেপির সম্পাদক রাহুল সিনহাকে। আজ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘পার্কসার্কাসে যে বাচ্চারা আন্দোলনে আছে, ওরা বিদেশি বাচ্চা। ওখানে সব বাংলাদেশি মুসলমান।’ তিনি আরও বলেন, ‘ওদের ভারত ছাড়তেই হবে। আজাদি স্লোগান এখানে চলবে না।’ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহিনবাগের আন্দোলনের বিরোধিতা করে নানা মন্তব্য করতে দেখা গিয়েছে। তার পরপরই বঙ্গ বিজেপি নেতা রাহুলের এহেন মন্তব্য বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।