সোমবার রাতে ৫১২ নম্বর জাতীয় সড়কে নির্মীয়মাণ আন্ডারপাসের মধ্যে প্রাণ গেল এক যুবকের। জখম আরও দু’জন। আর এই ঘটনার জেরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাদামাইল। কাজের সামগ্রী রাস্তার মাঝে এনে জ্বালিয়ে দেন স্থানীয়রা। ভাঙচুর করা হয় তিনটি গাড়ি। পরে তাতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। দমকল আগুন নেভাতে এলে কাজে বাধা দেন স্থানীয়রা। বাধ্য হয়ে ফিরে যায় তারা। গভীর রাতে প্রচুর পুলিস ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

