ফের শিশুমৃত্যুতে কাঠগড়ায় সরকারি হাসপাতাল।কিছুদিন ধরে অভিযোগ উঠছিল সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর নিম্নমানের সুতো দিয়ে সেলাই করা হচ্ছে বলে । সম্প্রতি এও শোনা যায় যে এক সরকারি হাসপাতালের ডাক্তাররা রোগীর পরিবারকে সুতো কিনে দিতে বলেছিলেন। এবার সেই সুতোর জেরে মর্মান্তিক ঘটনা ঘটে গেল এনআরএস হাসপাতালে। গতকাল সন্ধ্যায় এনআরএস মৃত্যু হল ১০দিনের এক শিশুর। অভিযোগ, পরপর তিনবার একই ক্ষতস্থানে অস্ত্রোপচার হয়েছে ওই একরত্তির দেহে। আর প্রতিবারই সেলাই করা হয়েছে নিম্নমানের সুতো দিয়ে। একে টানা তিনবার অস্ত্রোপচার, তার উপর নিম্নমানের সুতো, পরিবারের অভিযোগ এই ধকল সইতে না পেরেই মারা গিয়েছে বাচ্চাটি। পরিবারের অভিযোগ, ওই সুতো থেকেই সংক্রমণ তথা সেপটিক হয়েছে। পরিবারের অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি প্রথমবার শিশুর দেহে অস্ত্রোপচার হয়। এরপর ওই একই ক্ষতস্থানে ২২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল। অন্যান্য রোগীরাও জানিয়েছিলেন যে অস্ত্রোপচারের পর যে সুতো দিয়ে সেলাই করা হচ্ছে তা বারবার ছিঁড়ে যাচ্ছে। কিন্তু শহরের নামি সরকারি হাসপাতালে কেন এমনটা হচ্ছে, এর পিছনে আদতে কী রহস্য রয়েছে—-এইসব নিয়েই নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ইতিমধ্যেই এই সুতো কেলেঙ্কারির বিষয়টি পেডিয়াট্রিক সার্জারি বিভাগের নজরে আনা হয়েছে।

