বোলপুরঃ আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন। ২৫ বৈশাখ মানেই বাঙালি জীবনে এক অন্য ছোঁয়া। বাঙালির একান্ত আপন। সে শব্দ অমৃত সমান। আপামর বাঙালির ভাবনার সবটুকু, আবেশের রেশটুকু আর অনুভূতির স্পর্শটুকু যেন এক মায়াবী মন্ত্রে মানুষের মনের কোণা থেকে নিয়ে গেছেন ঈশ্বরের এক বরপুত্র। মানুষের একান্ত ব্যক্তিগত অব্যক্ত মুহুর্তগুলোকে নিজ মনে ধারণ করে তা লেখনী দিয়ে অবলীলায় ফাঁস করে দিয়ে গেছেন তিনি। অন্যান্য বছর এই দিনটি শান্তিনিকেতনে সাড়ম্বরে পালন করা হয়ে থাকে। তবে এদিন করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মতো সামাজিক দূরত্ব বজায় রেখে গুরুদেবের জন্মদিন পালন করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এদিন সকালে উপাসনা গৃহে গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তারপর উত্তরায়নের উদয়ন ভবনে কবিগুরুর ব্যবহৃত আসনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সবশেষে ছাতিম তলায় গানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেন বিশ্বভারতীর জনাকয়েক কর্মী, পড়ুয়া ও উপাচার্য।

