মাত্র ২০ মিনিটেই রিপোর্ট!‌ করোনা পরীক্ষার এমন একটি টেস্টিং কিট বানিয়ে তাক লাগিয়ে দিলেন আইআইটি হায়দরাবাদের গবেষকরা। বর্তমানে হাসপাতালে করোনা পরীক্ষার ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিঅ্যাকশন (‌আরটি-পিসিআর)‌ নামে যে পদ্ধতি কাজে লাগানো হয়, হায়দরাবাদ আইআইটি-এর তৈরি এই কিট একেবারে উল্টো পদ্ধতিতে কাজ করে। এছাড়াও এই কিটটি ব্যবহারের আরও বড় সুবিধে হল, উপসর্গহীন বা যাঁদের সামান্য উপসর্গ রয়েছে, তাঁদের ক্ষেত্রেও সমান কাজ করবে কিটটি, জানাচ্ছেন গবেষকরা। আইআইটি হায়দরাবাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক শিব গোবিন্দ সিং জানাচ্ছেন, এই নতুন পদ্ধতিতে খরচ অনেকটাই কমে যাবে এবং কম সময়ে অনেকের রোগীর পরীক্ষা সম্ভব হবে কারণ রিপোর্ট যা বেরবে, তার ওপর নতুন করে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়বে না। বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার পর যা রিপোর্ট সামনে আসে, সেটার ওপরও পরীক্ষা চালিয়ে চিকিত্‍সকরা নিশ্চিত হন, রিপোর্ট সত্যিই পজিটিভ নাকি নেগেটিভ। এক্ষেত্রে প্রথমবারের রিপোর্টেই নিশ্চিত হওয়া যাবে, বলছেন গবেষকেরা। জানা গিয়েছে, কিটটি তৈরি করতে ৫৫০ টাকা খরচ হয়েছে, তবে গবেষকদের দাবি, ৩৫০ টাকার মধ্যেই কিটটি তৈরি করা সম্ভব। হায়দরাবাদের ইএসআইসি হাসপাতালে ইতিমধ্যেই একবার ট্রায়াল রান দেওয়া হয়েছে এবং তাতে সুফলও পাওয়া গিয়েছে বলে খবর। তারপরেই আইসিএমআরের অনুমোদন চেয়ে আবেদন করেছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত গবেষকরা।