কলকাতা: রাজ্যে শনিবার থেকেই সক্রিয় হয় মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই টানা এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের বিস্তীর্ণ অঞ্চলে কোথাও কোথাও এক হাঁটু সমান জল দাঁড়িয়ে গিয়েছে। বিধাননগর কর্পোরেশনের সল্টলেকের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। রবিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ছিল। বিকেলের পর থেকে শুরু হয় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপটও ছিল।
বিধান নগর কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে হলদিরাম চিনার পার্ক অঞ্চলে সার্ভিস রোডে হাঁটু সমান জল। ভিআইপি রুটে যান চলাচল কিছুটা শ্লথ হয়ে যায়। এয়ারপোর্ট এক নম্বর থেকে দমদমের বেশ কিছু অঞ্চল জল জমেছে বলে খবর।