প্রকাশিত হল এবছরের রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল। এবারের পরীক্ষাতেও জয়জয়কার সেই জেলারই। ভিডিও কনফারেন্সের এই সাংবাদিক সম্মেলনে আজ শুক্রবার এই ফল ঘোষণা করলেন বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র। জানান, এবার পরীক্ষা নেওয়ার ৬ মাসের মধ্যেই ফল প্রকাশিত হল। এবারের ফলাফল প্রসঙ্গে তিনি জানান, এবছর ৮৮,৮০০ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা দিয়েছিলেন ৭৩,১১৯ জন। যাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৫,১৫৪ জন এবং ছাত্রীর সংখ্যা ১৭,১৪৪ জন। প্রথম হয়েছেন উত্তর দিনাজপুর রায়গঞ্জের সৌরদীপ দাস। তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘরের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছেন দুর্গাপুরের শুভম ঘোষ। তিনি ডিএভি স্কুল, দুর্গাপুরের ছাত্র। এছাড়া, তৃতীয় তথা মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শ্রীমন্তি দে, ডিপিএস, কলকাতার, চতুর্থ স্থানে রয়েছেন সাউথ পয়েন্ট , কলকাতার ছাত্র উৎসব বসু, পঞ্চম স্থানে ডি এ ভি মডেল স্কুল, দুর্গাপুরের পূর্ণেন্দু সেন, ষষ্ঠ হয়েছেন ডিপিএস , কলকাতা র অঙ্কুর ভৌমিক, সপ্তম সোহম সমাদ্দার, গার্ডেন হাই, সল্টলেকের ছাত্র, অষ্টম হয়েছেন আর্য বিদ্যামন্দির, বেহালার অরিত্র মিত্র, নবম স্থানে কাঁকুড়গাছির গিরিক মাসকারা, তিনি সেন্ট জনস স্কুল, সল্টলেকের ছাত্র এবং দশম স্থান অধিকার করলেন লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুল, হাওড়ার অর্ক দত্ত।