জ্যোতির্ময় দত্ত, কলকাতা: চলছে আনলক ফেজ থ্রি। ২৩ শে মার্চ লকডাউন পর্বের প্রথমদিন থেকে সবকিছুর সাথেই বন্ধছিলো মদের দোকানও। রাজ্য কোষাগারের একটা বড় অংশ আবগারি রাজস্ব থেকে আসে। লকডাউন পর্বে তা সম্পূর্ণ ভাবে বন্ধ হওয়ায় রাজ্য কোষাগারে অনেকটা টান পড়ে। পরবর্তীতে কেন্দ্র সরকার মদের দোকান খোলার অনুমতি দিলে রাজ্যসরকার ৩০শতাংশ আবগারি শুল্ক বৃদ্ধি করে। যদিও বলে রাখা ভাল যে শুধু পশ্চিমবঙ্গ তা নয়, কোভিড পরিস্থিতিতে সব রাজ্যই মদের উপর অতিরিক্ত শুল্ক ধার্য্য করে। সর্বাধিক ৭০% বৃদ্ধি করে দিল্লি সরকার। পশ্চিমবঙ্গে ৩০% বৃদ্ধি হওয়ায় প্রথমদিকে মদবিক্রির হার বেশি হলেও জুন জুলাই মাসে তা খানিকটা ভাটা পড়ে। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সুরা প্রেমিরা এবিষয়ে ক্ষোভ প্রকাশ করে। শুল্ক কাঠামো পরিবর্তনের সিধান্ত গৃহীত হওয়ায় মদের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আবগারি শুল্ক এর বর্তমান কাঠামোয় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। নতুন দাম নির্ধারন না হওয়া পর্যন্ত লাইসেন্স হোল্ডারদের মাল তুলতে ও টাকা জমা দিতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, লক ডাউন পর্বে আবগারি শুল্ক ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তাতে প্রথম দিকে আয় বাড়লেও, পরে কমে যায় বিক্রি, প্রভাব পড়ে রাজ্য কোষাগারে। তাই শুল্ক কাঠামো পরিবর্তনের এই সিদ্ধান্ত। মনে করা হচ্ছে আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে মদের নতুন দাম নির্ধারণ করা হবে।