শেষ রক্ষা হল না। বেঁচে ফিরতে পারলেন না আটক কর্মীরা। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে তেলঙ্গানার শ্রীশৈলম জলবিদ্যুত্‍ কেন্দ্রে। ন’‌জন আটকে পড়েছিলেন। সেই ন’‌জনেরই দগ্ধ দেহ উদ্ধার হল। নাগারকুর্নুলের জেলাশাসক এল শর্মা জানিয়েছেন, মৃতদের মধ্যে দু’‌জন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার। জলবিদ্যুত্‍ প্রকল্পের টানেলটি দিয়ে এখনও ধোঁয়া বের হচ্ছে। কী ভাবে ওই বিদ্যুত্‍কেন্দ্রে আগুন লাগল তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বিদ্যুত্‍ কেন্দ্রের ভূগর্ভস্থ ৪ নম্বর ইউনিটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। কৃষ্ণা নদীর ওপর শ্রীশৈলম বাঁধ। সেখানেই রয়েছে এই বিদ্যুত্‍কেন্দ্রটি। ঘটনার তদন্তের ভার সিআইডি-কে দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দ্রুত ঘটনার রিপোর্ট জমা করতে বলা হয়েছে। তেলঙ্গানার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে সমবদেনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।