কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলী নিয়োগ মামলার রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। আদালতের রায় স্বস্তিতে রাজ্য সরকার। মূল লক্ষ্য ছিল ফিরহাদ হাকিমকে গদিচ্যুত করা। সেই লক্ষ্যেই ঠুকে দেওয়া হয়েছিল মামলা। প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শরদ সিং নামে এক ব্যক্তি মামলা করে। পরে আরও একটি মামলা ঠুকে ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এরপর ডিভিশান বেঞ্চ মায় সুপ্রীম কোর্ট ঘুরে সেই মামলা আবারও ফেরত আসে ডিভিশান বেঞ্চেই। সেই মামলাতেই এবার হাইকোর্ট জানিয়ে দিল রাজ্যের পদক্ষেপে কোনও ভুল নেই। তাই দুটি মামলাই খারিজ করে দেওয়া হয়েছে এদিন। একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে জানিয়েছে যত দ্রুত সম্ভব কলকাতা পুরনিগমের নির্বাচনের ব্যবস্থা করতে। এদিনের এই রায়ে রাজ্য সরকার যেমন স্বস্তি পেয়েছে, ফিরহাদ হাকিম যেমন স্বস্তি পেয়েছেন তেমনি বড় ধাক্কা পেয়েছে গেরুয়া শিবির এবং রাজ্যপালও। রাজ্যপাল জগদীপ ধনকড়ও প্রশ্ন তুলেছিলেন কলকাতা পুরনিগমে ফিরহাদের নিযোগ নিয়ে।