এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতেই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে, বাড়িতে বয়স্ক ব্যক্তিরা থাকায় চিকিত্সার জন্য তিনি হাসপাতালে ভর্তি হবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন শুভেন্দুবাবু। রাজ্যের পরিবহণমন্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। যদিও গতকালের তুলনায় শুভেন্দু অধিকারীর জ্বর কিছুটা কমেছে বলে খবর। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর মা গায়ত্রী অধিকারীরও করোনা পজিটিভ । কিছুদিন আগেই তাঁর শরীরের একটি অস্ত্রোপচার হয়। তার পর সুস্থ হয়ে বাড়ি ফিরতেই করোনায় আক্রান্ত হয়েছেন গায়ত্রী দেবী। তাঁকে বৃহস্পতিবার রাতেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে কোভিড আক্রান্ত হন শুভেন্দু অধিকারীর দাদা ও ভাইপো।

