ডাইনি বিদ্যা অভ্যাস করার অভিযোগে ৩জন মহিলা এবং এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেছে গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, জনা ৫০ উন্মত্ত জনতা ঘিরে ধরেছিল চারজনকে। মহিলা বলে রেয়াত করা হয়নি তাঁদের। চারজনকে ধোলাই দেওয়া হয়। সূত্রের খবর, এই চারজনকে নগ্ন অবস্থায় গ্রামের রাস্তায় হাঁটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের গারহাওয়া জেলায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের নারায়ণপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটেছিল। গ্রামে গণধোলাইয়ের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ দেখেই রণর ভক্ত দেয় উন্মত্ত জনতা। এদিক-ওদিক ছড়িয়ে যায় ভিড়। জটলার মধ্যে থেকেই ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।আক্রান্ত তিন মহিলা এবং এক ব্যক্তিকে গণপ্রহারের হাত থেকে রক্ষা করে তাদের জামাকাপড়ের ব্যবস্থা করে পুলিশ। এরপর গণপিটুনি দেওয়া ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা। এই ঘটনায় যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, ধৃত ২ ব্যক্তির নাম রবি কুমার এবং বাসুদেব। তাদের গ্রেফতার করে সাদার থানায় নিয়ে যাওয়া হয়।