বৃহত্তর কলকাতায় জলপথে পণ্য ও যাত্রী পরিবহণের ছবিটাই বদলে যেতে চলেছে আগামী পাঁচ বছরে। কেননা হুগলি নদীকে কেন্দ্র করে জলপথে পণ্য ও পরিবহণের উন্নত পরি কাঠামো গড়ার জন্য এবার বড় অঙ্কের ঋণ প্রদান করতে চলেছে বিশ্বব্যাঙ্ক। মোট ১০৫ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৭৬৬ কোটি টাকা ঋণ বাবদ হাতে পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার এই মর্মে দিল্লিতে বিশ্বব্যাঙ্কের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এই চুক্তি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের মুকুটে আর এক সাফল্যের পালক হিসাবে গেঁথে গেল। রাজ্য সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, দুটি পর্যায়ে হবে এই প্রকল্পের কাজ হবে। বিশ্বব্যাঙ্কের দেওয়া অর্থে প্রথম দফায় কলকাতা ও শহরতলির জেটিগুলির সংস্কার করা হবে। কেনা হবে নতুন ভেসেল। সেই সঙ্গে জেটিগুলিকে আধুনিকীকরণ করে তোলার লক্ষ্যে ৪০টি জায়গায় বসানো হবে ইলেকট্রনিক গেট যেমনটি থাকে মেট্রো রেলের স্টেশনে। দ্বিতীয় দফায় দীর্ঘমেয়াদি কাজ হবে যাতে রাতেও গঙ্গায় ভেসেল চলাচল করতে পারে। বিশ্বব্যাঙ্কের কর্তাদের মতে, কলকাতায় জলপথে পরিবহণের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মাধ্যমে পরিবহণের পরিমাণ খুবই কম। কলকাতায় আসা মাত্র ২ শতাংশ লোক জনপথে পরিবহণ করে। সেই সঙ্গে এখনকার লঞ্চ বা ভেসেলগুলি যেমন খুব একটা নিরাপদ নয় তেমনি জেটিগুলিও আধুনিক মানের নয়। আগামী দিনে এই পরিবহণ ব্যবস্থা চাঙ্গা রাখতে হলে তার আধুনিকীকরণের কাজ খুবই প্রয়োজনীয় হয়ে পড়ছিল। কিন্তু অর্থের অভাবে কিছুই করা যাচ্ছিল না। শেষে কেন্দ্রের জাহাজমন্ত্রকের মধ্যস্থতায় বৃহত্তর কলকাতায় জলপথে পণ্য ও যাত্রী পরিবণের জন্য উন্নতমানের পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার ঋণ দেওয়ার জন্য সাওয়াল করেছিল ভারত সরকার। এরপরই বিশ্বব্যাঙ্ক এই মোটা টাকা ঋণ হিসাবে দিতে রাজি হয়। আগামীদিনে এই অর্থ ঠিক ভাবে খরচ করা হলে বৃহত্তর কলকাতায় জলপথ পরিবহণে বিপুল উন্নতি হবে।
জলপথে পণ্য ও যাত্রী পরিবহণকে ঢেলে সাজতে বাংলাকে ৭৬৬ কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
Byবঙ্গনিউজ
Jan 5, 2021
