আজ থেকে গঙ্গার বুকে শুরু হচ্ছে ভাসমান লাইব্রেরি ফেরি পরিষেবা। মূলত ছোটদের জন্য বিভিন্ন স্বাদের বইয়ের ডালি নিয়ে আজ থেকে হাজির হবে পশ্চিমবঙ্গ জলপথ পরিবহণ দপ্তর। শহরে এই প্রথম হুগলি নদীর বুক চিড়ে ফেরি যাত্রায় বই পড়ার সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচবার এই বিশেষ ফেরি পরিষেবা উপভোগ করতে পারবেন পুস্তক প্রেমীরা। ৩ ঘণ্টার যাত্রা পথে মিলবে ফ্রি ওয়াই-ফাই। ১৭ বছর বা তার কম বয়সীদের জন প্রতি খরচ ৫০ টাকা। পাশাপাশি ১০০ মাথা পিছু ১০০ টাকা গুনতে হবে প্রাপ্ত বয়স্কদের। সপ্তাহের পাঁচটি কাজের দিনে তিনটি ভিন্ন সময়ে এই ফেরি চলাচল করবে। সকাল ১১টা, দুপুর সোওয়া ১টা এবং বেলা সাড়ে তিনটায় এই ভাসমান লাইব্রেরি যাত্রা শুরু করবে। কলকাতা মিলেনিয়াম পার্ক থেকে এই ফেরি পরিষেবা পাওয়া যাবে। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজি ডিরেকটর রজনবীর সিং কাপুর বলেন, ছোটদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কচি কাচাদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ তৈরি এর অন্যতম উদ্দেশ্য। তাই প্রথাগত বইয়ের বাইরে বিভিন্ন ধরনের সম্ভার সাজানো হয়েছে। গঙ্গার মনোরম পরিবেশে বই পড়ার সুযোগ থাকছে বড়দেরও। প্রথম পর্যায়ে পরীক্ষা মূলকভাবে এই কাজ শুরু হচ্ছে, সফল হলে আরও বড় আকারে তা হবে বলেও জানান রজনবীর সিং কাপুর।

