আপাতত আরও ২দিন রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ । উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই থাকবে জাঁকিয়ে শীতের অনুভূতি । এইসঙ্গে উত্তরবঙ্গে আগামী ২৪ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে আসবে । কোচবিহারের দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে থাকবে । দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতে সকালে ও রাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে । উত্তরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে রাজ্যে । এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে । জানিয়েছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা ডঃ জি সি দাস জানিয়েছেন, তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এই দফায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। তবে কাল শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তারপর আবার তাপমাত্রা কমবে। শুক্রবার পশ্চিমাঞ্চলের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর ফের তাপমাত্রা নামবে।  আগামী ১ ফেব্রুয়ারি নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ততদিন উত্তুরে হাওয়া সক্রিয় থাকবে। কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার জন্য উত্তর ভারতের অনেক জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। এর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া দুর্বল হবে। তখন তাপমাত্রা বাড়বে।