তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে যাতে এলাকায় উত্তেজনা না ছড়ায় তাই নিরাপত্তায় মুড়ে ফেলা হল আগুইবনি অঞ্চলের নেতুরা গ্রাম। লাগাতার চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। দূর্গা সরেনকে খুনের অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে দুজনকে পুলিশ হেফাজত ও দুজনকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রবিবার সন্ধ্যায় নেতুরা বাজারে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। সেখানে তৃণমূলের এক কর্মীর মৃত্যু হয়। জখম হন তারক সাউ নামে বিজেপির এক কর্মী। তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় রাতেই তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তৃণমূল বিজেপি দু’পক্ষই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ জানায়। আহত বিজেপির কর্মী তারক সাউয়ের ভাই পঞ্চায়েত সদস্য মানিক সাউ মোট ১৪ জনের নামে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তপন পৈড়া ও সন্টু গিরি নামে দুজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে, মৃত দুর্গা সরেনের ছোট ছেলে রূপচাঁদ সরেন ঝাড়গ্রাম থানায় মোট ১০ জনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে কল্যাণ রানা ও লক্ষণ গিরিকে গ্রেফতার করেছে।