পার্কস্ট্রীটে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বৃহস্পতিবার। এদিন দুপুর ২টো নাগাদ আগুন লাগার ঘটনাটি প্রথম দেখতে পান আশেপাশের এলাকার বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশ ও দমকলে। দ্রুত আশেপাশের বহুতল থেকে অনেকেই ভয়ে রাস্তায় নেমে চলে আসেন। যদিও যে বহুতলে এই আগুন লেগেছে সেখানে কেউ বসবাস করেন না। সবই হয় অফিস নাহয় গোডাউন। তাই ভেতরে কারো আটকে থাকার সম্ভাবনা নেই বললেও চলে। তবুও পুলিশ নজর রেখেছে যাতে ভেতরে কেউ আটকে গেলে তা যেন দ্রুত চিহ্নিত করা যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এদিন পার্কস্ট্রীটে এপিজে স্কুলের পাশে একটি বহুতল বাড়ি থেকে দুপুর ২টো নাগাদ ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দ্রুত খবর দেন দমকল ও পুলিশে। ১২৩ নম্বর পার্কস্ট্রিটের ওই বহুতলটিতে রয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থার অফিস ও গুদাম। সেই রকমই একটি শাড়ির গুদামে এদিন আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও প্রচুর ধোঁয়া বার হওয়ায় দমকলকর্মীরা ২তলার বেশি উঠতে পারেননি। পরে দমকলের বিশেষ মই এনে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। একে একে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও। এখন সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ চলছে।

