কয়েকদিনের পরিসংখ্যানে দেখা গেছে উত্তর ২৪ পরগণায় দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ । সেই ভাবনা থেকে পুরো উত্তর ২৪ পরগণা জেলায় আরও কড়া ভাবে লকডাউন করার প্রস্তাব নবান্নে পাঠিয়েছেন উত্তর ২৪ পরগণার জেলা শাসক। মহকুমা এবং কমিশনারেট মিলিয়ে ৫ জায়গা চিহ্নিত করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন । সেগুলো হল বারাকপুর,বনগাঁ,বসিরহাট, বারসাত এবং বিধাননগর । ১৪ দিনের লকডাউনের প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে আপাতত। এখন দেখার নবান্ন কী সিদ্ধান্ত নেয়। আজ নবান্নে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও হাওড়া নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে।

সেই প্রস্তাবে উল্লেখ রয়েছে –

🔴 অফিসে কর্মীর উপস্থিতির হার ২০ শতাংশে নিয়ে আসতে হবে ।
🔴 বাস, টোটো এবং অটো পুরোপুরি বন্ধ করে দিতে হবে ।
🔴 জরুরি পরিষেবা আগেরমত চালু থাকবে ।
🔴 ধর্মীয় স্থান পুরোপুরি বন্ধ করে দিতে হবে ।
🔴 বিমান চলাচল বন্ধ করে দেওয়ার প্রস্তাব ।
🔴 সমস্ত মল, রেস্টুরেন্ট-সহ সব বিনোদনে জায়গা বন্ধ করে দিতে হবে।