শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে ঘিরে বাংলায় রাজনৈতিক বার্তা আরও জোরালো করল বিজেপি । সোমবার নিউটাউনে শ্যামাপ্রসাদের ১২৫ফুট উচ্চতার একটি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভূমিপুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয় । এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যরা । বিজেপির দাবি, এটি শুধু একটি মূর্তি নির্মাণের প্রকল্প নয়, বরং স্বাধীনতা উত্তর ভারতের অন্যতম রাষ্ট্রচিন্তক, শিক্ষাবিদ, সাংসদ এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ । তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের সিদ্ধান্তও সেই ভাবনারই প্রতীক । এদিন দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি । সেখান থেকে মিলন মেলা প্রাঙ্গনে পৌঁছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়র ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপনের শিলান্যাস করেন । বিকেলে ভবানীপুরের ৭৭, আশুতোষ মুখার্জি লেনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈত্রিক বাসভবনে উপস্থিত হন । সেখান থেকে বালিগঞ্জে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে যান ৷ সন্ধেয় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। এই মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং বাংলায় বিজেপির আগামী সাংগঠনিক কর্মসূচি নিয়েও আলোচনা করেন তিনি । নিউটাউনে ভূমিপুজোয় অংশ নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ শুধু একজন রাজনৈতিক নেতাকেই নয়, এমন এক রাষ্ট্রনায়ককে জন্ম দিয়েছিল, যিনি ভারতের অখণ্ডতা, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং জাতীয় সংহতির প্রশ্নে কখনও আপস করেননি । তাঁর আদর্শ আজও দেশের পথপ্রদর্শক ।