রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির তাঁর ৩১তম জন্মদিন উদযাপন করছেন। এই বিশেষ দিন উপলক্ষে আম্বানি পরিবার বেঙ্গালুরুতে একটি বিশেষ ধর্মীয় পুজোর আয়োজন করে, যেখানে ভক্তি ও বিশ্বাসের এক সুস্পষ্ট পরিবেশ বিরাজ করছিল। এই পুজোটি বেঙ্গালুরুর বিখ্যাত রাজরাজেশ্বর মন্দির ও আশ্রম চত্বরে অনুষ্ঠিত হয়। সংকল্প পুজোর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, যেখানে পরিবারের পক্ষ থেকে বিশেষ আচার-অনুষ্ঠান পালন করা হয়। এই বিশেষ পুজোটি পরিচালনা করছেন জগৎ গুরু আচার্য মহামণ্ডলেশ্বর। পুজোর পর গুরুজি ভক্তদের আশীর্বাদ করবেন এবং একটি বিশেষ বার্তা দেবেন। আম্বানি পরিবার প্রতি বছর বিশেষ বিশেষ দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকে এবং এবারও জন্মদিনটি আধ্যাত্মিকভাবে উদযাপন করা হচ্ছে। অনন্তের জন্মদিনে আম্বানি পরিবারে এখন উৎসবের মরশুম। ৩০ পেরিয়ে ৩১-এ পদার্পণ অনন্তের। ধুমধাম করে সেলিব্রেট হচ্ছে আম্বানি পুত্রের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে জয়পুরে এখন সাজসাজ রব। অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে বান্দ্রা-ওরলির সাগরপাড় সেজে উঠেছে আলোকমালায়। তারকাখচিত জন্মদিন সেলিব্রেশন এখন পেজ ৩-এর আলোচিত টপিক। অনন্তের জন্মদিন সেলিব্রেট করার জন্য জামনগরে রয়েছেন সলমন খান থেকে রণবীর সিংয়ের মতো তারকারা। বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউডের সিংহভাগ সেলেব। সেই তালিকায় রয়েছে শাহরুখ খান, গৌরী খান, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর, অগস্ত্য নন্দ, বনি কাপুর, রাম চরণ, সঞ্জয় দত্ত সহ আরও অনেকে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই প্রত্যেকে অনন্তকে জন্মদিনের শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, অনন্ত আম্বানি জন্মদিনের আগে গুরুভায়ুর মন্দির পরিদর্শন করে ভগবান গুরুভায়ুরপ্পানের কাছে প্রার্থনা করেন এবং মন্দির ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন।
শুক্রবার ইনস্টা হ্যান্ডেলে অনন্তের সঙ্গে বন্ধুত্বের মিষ্টি মুহূর্ত শেয়ার করে শুভেচ্ছাবার্তায় সলমন লিখেছেন, ‘একটা কথা শোনো আর যদি মনে রাখার ক্ষমতা না থাকে তাহলে লিখে নাও। এই মানুষটাই একদিন পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার ছোট ভাই অনন্ত, তুমি দীর্ঘজীবী হও। তোমার এই সুন্দর হৃদয়টা আগলে রেখো।’ ১০ এপ্রিল অনন্ত আম্বানির জন্মদিনের আগের রাতেও সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সলমন। দুই বন্ধুর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে অনন্তের উদ্দেশ্যে ভাইজানের বার্তা, ‘এই দুনিয়ার সবচেয়ে নিঃস্বার্থ ও দয়ালু মানুষ। একইসঙ্গে ও সকলের অনুপ্রেরণা।’
রণবীর সিং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনন্ত আম্বানিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনন্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে রণবীর এই পোস্টে তাঁকে নিজের ‘ভাই’ বলে উল্লেখ করেছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রণবীর সিং অনন্ত আম্বানির সঙ্গে একটি অদেখা ছবি শেয়ার করেন। ছবিতে রণবীরকে অফ-হোয়াইট সোয়েটশার্ট, ম্যাচিং সোয়েটপ্যান্ট এবং সাদা টি-শার্টে দেখা যায়। তাঁর এই রিল্যাক্সড লুকটি সম্পূর্ণ হয় সাদা সানগ্লাস ও একটি কালো ব্যাগে।
অন্যদিকে, অনন্ত আম্বানিকে দেখা যায় স্টাইলিশ ক্রোকোডাইল লেদার জ্যাকেটে, যা তিনি কালো প্যান্টের সঙ্গে জুটি বেঁধেছেন। সঙ্গে ছিল একজোড়া সানগ্লাস। ছবিতে রণবীর একটি ক্রাউন স্টিকার এবং WWE চ্যাম্পিয়নশিপ বেল্টের স্টিকার যোগ করে লেখেন, “হ্যাপি বার্থডে ভাই,” সঙ্গে একটি কিসি ফেস ইমোজি।