দীর্ঘ প্রতীক্ষার অবসান ৷ অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷ তাঁর রিলিজ অর্ডার পাওয়ার পর আজ সকালে যাবতীয় প্রক্রিয়া সেরে তাঁকে মুক্তি দেয় আর্থার রোড সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে আনতে গিয়েছিলেন স্বয়ং কিং খান ৷ আজ সকাল সকাল তিনটি এসইউভি নিয়ে মন্নত ছাড়তে দেখা যায় শাহরুখ খানকে ৷ নিজে গিয়ে ছেলেকে ফিরিয়ে আনতে তিনি ছুটে যান আর্থার রোড সংশোধনাগারে ৷ সকালেই আর্থার রোড সংশোধনাগারের সুপার নীতিন ওয়েচাল জানিয়েছিলেন, “আমরা আরিয়ান খানের রিলিজ অর্ডার পেয়েছি ৷ তাঁর মুক্তির প্রক্রিয়া ১-২ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে ৷” জেলের আধিকারিকরা জানিয়েছিলেন, ১০.৩০টা থেকে ১১.৩০টার মধ্যে ছাড়া পাবেন আরিয়ান ৷ এদিন বেলা ১১ টায় জেল থেকে বেরোন আরিয়ান খান। তাঁকে নিতে জেলে পৌঁছে গেছিলেন শাহরুখ খানের দেহরক্ষী রবি সিং। শাহরুখ খান কাছেই একটি পাঁচতারা হোটেলে অপেক্ষা করছিলেন। আরিয়ান খানের গাড়ির কনভয়ের সঙ্গে রয়েছে মুম্বই পুলিশও। অন্যদিকে, ২৭ দিন পর ছেলেকে বাড়িতে স্বাগত জানাতে আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্নত।