রাজ্যে ১৮ বছরের বেশি বয়সি কোনও নাগরিককে নতুন আধার কার্ড দেওয়া হবে না । বৃহস্পতিবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা । মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার সভাপতিত্বে, বৃহস্পতিবার গুয়াহাটির কৈনাধারায় রাজ্য সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় । মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ।বৈঠক শেষে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি জানান । তিনি বলেন, “আজকের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, রাজ্যে ১৮ বছরের বেশি বয়সি কাউকে নতুন আধার কার্ড দেওয়া হবে না । তবে, তপশিলি জাতি, উপজাতি এবং চা বাগান সম্প্রদায়ের লোকদের জন্য, ১৮ বছরের বেশি বয়সিরা এক বছরের জন্য আধার কার্ড পাবেন । এই শ্রেণির কিছু ব্যক্তি এখনও তাদের আধার কার্ড পাননি ।”অন্যদিকে, অন্যান্য শ্রেণির লোক যারা এখনও আধার কার্ডের অপেক্ষায় আছেন, তাদের সেপ্টেম্বর মাসে আবেদন করার সময় দেওয়া হবে । সেপ্টেম্বর মাসের পরে, ১৮ বছরের বেশি বয়সি কেউ আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না । শুধুমাত্র ST, SC এবং চা বাগানের শ্রমিকরা আবেদন করার জন্য এক বছরের সময় পাবেন । এরপরেও, যদি কোনও নির্দিষ্ট ব্যক্তির আধার কার্ড পাওয়ার বিশেষ কারণ থাকে, তবে তাদের জেলা কালেক্টরের কাছে আবেদন করতে হবে । তবে আধার কার্ড দেওয়ার আগে জেলা কালেক্টর সকল দিক পর্যালোচনা করবেন ।”

এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “গত এক বছর ধরে, বাংলাদেশ থেকে অসমে প্রবেশকারী লোকদের ক্রমাগত ধরা হচ্ছে এবং ফেরত পাঠানো হচ্ছে । তবে আমরা নিশ্চিত নই যে আমরা সবাইকে ধরতে পারব কিনা । এই ক্ষেত্রে, আমাদের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার । আধার কার্ডের মাধ্যমে কেউ যাতে নাগরিকত্ব না পায় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে ।”

তিনি আরও বলেন, “18 বছরের বেশি বয়সি কোনও নাগরিক নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না । সেপ্টেম্বর মাসে আবেদন করা যাবে । এরপর এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে । শুধুমাত্র ST, SC এবং চা বাগানের শ্রমিকরা এক বছর সময় পাবেন । এরপর এটিও বন্ধ হয়ে যাবে । অসমের প্রত্যেকেই আধার কার্ড পেয়েছেন । তাই, যদি কেউ নতুন করে এটি পেতে চান, তাহলে তাদের বাইরে থেকে আসতে হবে ।”