পুজোর আগেই রাজ্যে ফের ভোট ৷ দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন ৷ ফল ঘোষণা হবে ৯ অক্টোবর ৷ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের শূন্য হওয়া বিধানসভা আসনগুলিতে আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন ৷ এবং ভোট গণনা ৯ অক্টোবর। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ আগামী ৯ সেপ্টেম্বর জারি হবে গেজেট নোটিফিকেশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র পরীক্ষা ১৭ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। কমিশনের আজকের বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে শূন্যপদের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে হুমায়ুন কবীরের পদত্যাগ। অন্যদিকে, নন্দীগ্রাম কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদত্যাগ। শুধু বাংলাই নয়, একই সঙ্গে তামিলনাড়ুর দু’টি এবং পুদুচেরির একটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে।
পাশাপাশি, অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোট হবে। অর্থাৎ, মোট পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সব ভোটকেন্দ্রে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে EPIC প্রধান নথি হলেও আধার ও প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ আরও কয়েকটি বিকল্প পরিচয়পত্র গ্রহণযোগ্য।
উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। উপনির্বাচনের আগে প্রার্থীদের অপরাধমূলক অতীত নিয়েও কড়া নির্দেশ দিয়েছে কমিশন। অপরাধের মামলা থাকা প্রার্থীদের প্রচারপর্বে তিন দফায় সংবাদপত্র ও টেলিভিশনে সেই তথ্য প্রকাশ করতে হবে। একই ভাবে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া রাজনৈতিক দলকেও নিজেদের ওয়েবসাইট, সংবাদপত্র, টেলিভিশন এবং নির্দিষ্ট সামাজিক মাধ্যমে ওই তথ্য প্রকাশ করতে হবে।

