ঘরের মেঝেয় উদ্ধার হল এক মহিলার আংশিক পচে যাওয়া মুণ্ডহীন দেহ ৷ পুলিশ সোমবার সকালে গুয়াহাটির বেলতলা এলাকার ওই বাড়িতে ফ্রিজের ভিতর প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মুণ্ডটি উদ্ধার করেছে ৷ জানা গিয়েছে, নিহত মহিলার নাম রিয়া তালুকদার ৷ তিনি একটি বুটিকে কাজ করতেন ৷ তাঁর স্বামী ক্যাব চালক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে প্রতিবেশীরা বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ার পর পুলিশে অভিযোগ জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝেয় পড়ে থাকা মাথাহীন দেহটি দেখে ৷ পরে ফ্রিজের ভিতর থেকে কাটা মাথাটিও উদ্ধার হয় ৷ ওই পুলিশ আধিকারিক বলেন, “দেহটি পচতে শুরু করায় মনে করা হচ্ছে, 24 থেকে 48 ঘণ্টা আগে এই খুনের ঘটনাটি ঘটেছে। কাটা মুণ্ডটি ফ্রিজের ভিতর একটি পলিথিন ব্যাগে পাওয়া গিয়েছে।” এই মামলার প্রধান সন্দেহভাজন মহিলার স্বামী রামানুজন গোস্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, দম্পতি শহরের বেলতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। যদিও ফরেনসিক বিশেষজ্ঞ ইঙ্গিত দিয়েছেন, সোমবারের আগেই হয়তো হত্যাকাণ্ডটি ঘটেছিল ৷ কারণ, দেহটি ইতিমধ্যে পচতে শুরু করেছিল। মৃত মহিলার পরিচয় জানা গিয়েছে ৷ ওই মহিলার নাম রিয়া তালুকদার ৷ তিনি গুয়াহাটির নুনমাটি এলাকার বাসিন্দা ছিলেন ৷ অন্যদিকে, অভিযুক্ত তাঁর স্বামী রামানুজন গোস্বামী অসমের ধুবড়ি জেলার বাসিন্দা। গুয়াহাটি পুলিশের দাবি, ময়নাতদন্তের পর এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷