স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভাষণের শুরুতেই মহত্মা গান্ধি থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর থেকে শুরু করে জওহরলাল নেহরুরু প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি । তাঁর কথায়, “পরাধীনতার সময় এমন একটা বছরও যায়নি যখন স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার এবং বর্বরতা সহ্য করতে হয়নি । আজ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর দিন ।” তিনি আরও বলেন, ” যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাঁদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমাদের । এখন সময় এসেছে যখন আমাদের নতুন সঙ্কল্পকে পাথেয় করে নতুন উদ্দেশে এগিয়ে যেতে হবে ।” নিজেদের লেখনি থেকে শুরু করে মতাদর্শ দিয়ে যাঁরা স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী

। এ প্রসঙ্গে রাম মনোহর লোহিয়া থেকে শুরু করে সর্দারবল্লভ ভাই প্যাটেলের নামও উল্লেখ করেন প্রধানমন্ত্রী । এদিন দেশ যখন স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে তখন আর্থ-সামাজিক পরিস্থিতি কেমন হওয়া উচিত তার রূপরেখাও ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী । বললেন নারী শক্তির বিকাশের কথা । দুর্নীতি থেকে শুরু করে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বার্তাও দিলেন মোদি। তিনি এও বললেন, আপনাদের উন্নয়নের জন্য এই পরিবারবাদ এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়তে চাই। পরিবারবাদী রাজনীতি পরিবারের ভালোর জন্য হয়। দেশের জন্য নয়। দেশ এবং দেশের সংস্থাগুলোকে বাঁচাতে পরিবারবাদকে নষ্ট করতে হবে। পরিবারবাদের কথা বললেই লোকে ভাবে আমি রাজনীতির কথা বলি। কিন্তু শুধু তা নয়। রাজনীতির সেই কালোছায়া ভারতের অনেক সংস্থায় পড়েছে। এর জন্য দেশের অভিজ্ঞতা নষ্ট হচ্ছে। এই পরিবারবাদ থেকে সব সংস্থায় ঘৃণা প্রদর্শন করতে হবে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটা দরকার।