বিনোদন

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

এবার সকলকে ছেড়ে চলে গেলেন ‘তিনকাহন’, ‘তাহাদের কথা’ খ্যাত অভিনেত্রী ভদ্রা বসু ৷ নাটকের মঞ্চ ও সিনেমার পর্দা, দুই ক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতেই প্রয়াত হন বর্ষীয়ান এই অভিনেত্রী ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ প্রখ্যাত নাট্য নির্দেশক তথা অভিনেতা অসিত বসুর স্ত্রী ভদ্রা। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছেন, দামিনী বসু এবং আনন্দী বসু। দামিনী-আনন্দীও নিয়মিত অভিনয় করেন মঞ্চ এবং পর্দায়। শনিবার সকালে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেন দামিনী। সেখানে তিনি লিখেছেন, ‘চিরন্তন রোদের কিরণ..মা ৷’ অভিনেত্রীর প্রয়াণে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোহান বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, 65 বছর বয়সী অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ কয়েকদিন আগেই অস্ত্রোপচারও হয়েছে ৷ কিন্তু শুক্রবার রাতে সব শেষ ৷ জীবন যুদ্ধে হার মানেন অভিনেত্রী তথা নাট্য় পরিচালক ৷ জনপ্রিয় নাটক পরিচালনার পাশাপাশি সিরিজ এবং ছবিতেও অভিনয় করেছেন ভদ্রা বসু। সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’, অনিলাভ চট্টোপাধ্যায়ের ‘বেলা’ সিনেমাতেও কাজের নিদর্শন রেখেছেন অভিনেত্রী ভদ্রা বসু ৷